|
বগুড়া প্রতিনিধি :: বগুড়ার শাজাহানপুরে কৃষি জমিতে ইটভাটা স্থাপন বন্ধে কৃষকরা আগামী সপ্তাহ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। শুক্রবার বাদ জুমা উপজেলার দুরুলিয়া মদিনা কেন্দ্রীয় মসজিদ চত্বরে বৈঠক শেষে কৃষক শাজাহান আলী এ ঘোষণা দেন।
জানা গেছে, উপজেলা সদরের তিন কিলোমিটারের মধ্যে ইটাভাটা স্থাপন নিষিদ্ধ হলেও দুরুলিয়া গ্রামে ইতিমধ্যে চারটি ভাটা গড়ে উঠেছে। প্রভাবশালীরা আইন অমান্য করে আরও কয়েকটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। ভাটার আশপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এলাকার জমির উপরিভাগের উর্বর মাটি দিয়ে ইট তৈরি চলছে। ইট ও মাটি পরিবহণে বিপুল সংখ্যক ট্রাক ব্যবহার হচ্ছে। দিনের বেলা গ্রামীন সরু সড়ক দিয়ে বেপরোয়া গতিতে ট্রাকগুলো চলাচল করে। এতে একদিকে শব্দ দুষন ও অন্যদিকে দুর্ঘটনার আশংকা রয়েছে।
কৃষকরা এ ব্যাপারে জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলেও কোন লাভ হচ্ছেনা। বাধ্য হয়ে কৃষকরা শুক্রবার বাদ জুমা বৈঠক ডাকেন। সেখানে স্থানীয় ইউপি সদস্যসহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিতে আগামী সপ্তাহ থেকে মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত শিক্ষক মনিরুজ্জামান সোহাগ জানান, ইটভাটা বন্ধ করে পরিবেশ রক্ষায় এলাকাবাসির সাথে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে যাবেন।
পল্লী চিকিৎসক জাফরুল সাদিক অনিক বলেন, আবাসিক এলাকায় ইটভাটার কারণে শিশুদের শ্বাসকষ্ট বাড়ছে। এদিকে নির্মানাধীন ইটভাটার মালিক পক্ষের কাজিনুর হোসেন জানান, এখানে পরিবেশ বান্ধব ভাটা তৈরি করা হবে। জনগণের কোন ক্ষতি হবেনা।
|