|
শুক্রবার, 27 জানুয়ারী 2012 14:31 |
|
গোপালগঞ্জ প্রতিনিধি :: গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর চরপাড়া থেকে হিরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ তরিকুল মোল্যা (২০) নামের এক মাদক ব্যাসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ শহরতলীর রঘুনাথপুর চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী তরিকুল মোল্যাকে গ্রেপ্তার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে ৭২ পুড়িয়া হিরোইন, ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী তরিকুল ওই এলাকার জামান মোল্লার ছেলে।
প্রসঙ্গত, এর আগে ওই একই স্থানে গত ২৬জানুয়ারি বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে অভিযান চালিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী প্রায় ১০লাখ টাকা মূল্যের হিরোইন ও ৭৩৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল।
|